শামীম হাসানের কণ্ঠে তারেক আনন্দের গান

‘যে জলে প্রেম আছে সেই জলেই নামি, যে জলে ঢেউ আছে সেই জলেই থামি, জলের ছায়ায় জলের মায়ায় ভাসি তুমি আমি...।’ সম্প্রতি গীতিকবি তারেক আনন্দের লেখা এমন কথার গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী শামীম হাসান।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। ফোক ধাঁচের এ গানটি প্রকাশ করেছে জে এল মিউজিক। মিউজিক ভিডিও নির্মাণ করেছে এম এইচ রিজভী। গানে শামীম ছাড়াও মডেল হয়েছেন ঋতু দত্ত।

গানটি নিয়ে শামীম বলেন, অনেক সময় নিয়ে গানের সুর-সংগীত করেছি। গানটি পাহাড়ি ফোক ধাঁচের। এর আগে শ্রোতারা আমাকে এমন গানে পাননি। সহজ, সুন্দর কথার গানটি আশা করি শ্রোতাদের ভালো লাগবে।

গীতিকবি তারেক আনন্দ বলেন, করোনাকালের আগেই গানটির কাজ শুরু হয়। শামীম চমৎকার সুর করেছেন। জে এল মিউজিকের কর্ণধার রাশেদ রানা কক্সবাজারের মনোরম দৃশ্যে মিউজিক ভিডিও নির্মাণ করে গানটি প্রকাশ করেছেন। আশা করি সব শ্রেণির শ্রোতার কাছে ভালো লাগবে গানটি।