বাগেরহাটে ২ তরুণী গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে দুই তরুণী গণধর্ষণ মামলার অন্যতম আসামি মেহেদী হাসান রাজকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বুধবার দুপুরে খুলনা র‌্যাব-৬-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে মেহেদী হাসান রাজকে গ্রেপ্তারের তথ্য জানান র‌্যাব সদর কোম্পানির কমান্ডার মোহাম্মদ বদরুদ্দোজা।

কমান্ডার মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, গত ১৩ জানুয়ারি রাতে দুই তরুণী ও তাদের চাচাতো ভাই ও চাচাতো ভাইয়ের এক বন্ধুর সঙ্গে দুটি মোটরসাইকেলে করে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র এলাকা থেকে বাড়ি ফেরার পথে ফকিরহাট উপজেলার জারিয়া চৌমাথা এলাকায় গতিরোধ করে ছাত্রলীগ নেতা শাকিল সরদার ও মেহেদী হাসান রাজ।

তারা তরুণীদের সঙ্গে থাকা দুজনকে বেঁধে রেখে তরুণীদের ওপর পাশবিক নির্যাতন চালায়। পরে তাদের কাছে থাকা স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে যায় তারা।

এ ঘটনায় পরদিন মামলা করে ভুক্তভোগী। এর সূত্র ধরে ওইদিনই বাগেরহাট পুলিশ ছাত্রলীগ নেতা শাকিল সরদারকে গ্রেপ্তার করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব আরেক ধর্ষক মেহেদী হাসান রাজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান রাজ গণধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে বাগেরহাটের ফকিরহাট থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।