ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত এলাকা থেকে ৪০টি সোনার বারসহ রিমন হোসেন (২৮) নামের এক চোরাকারবারিকে গতকাল বুধবার আটক করেছে বিজিবি। তার বাড়ি উপজেলার মাটিলা বাগানপাড়া গ্রামে।
মহেশপুর খালিশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে চোরাকারবারিরা মাটিলা সীমান্ত দিয়ে সোনা নিয়ে পাচারের উদ্দেশ্যে ভারত যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিজিবির একটি টহল দল অবস্থান নেয়। চোরাকারবারিরা ভারত সীমান্ত এলাকায় পৌঁছালে বিজিবি তাদের ধাওয়া দেয়। এ সময় একজন ভারতের অভ্যন্তরে পালিয়ে গেলেও একজনকে আটক করতে সমর্থ হয় বিজিবি। পরে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ৪ কেজি ৬৬৫ দশমিক ৫৪ গ্রাম ওজনের ৪০টি সোনার বার উদ্ধার করা হয়।