রংপুরে বাসচালককে মারপিটের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

রংপুরে বাসচালককে মারপিটের ঘটনায় মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ করেছেন মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা। এ-সময় তীব্র যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

গতকাল বুধবার দুপুরে ঢাকান্ডরংপুর মহাসড়কের রংপুর নগরীর প্রবেশমুখ মডার্ন মোড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মডার্ন মোড় এলাকায় মহাসড়কের পাশে বাস রেখে যাত্রী ওঠানোর সময় গাড়িটি এগিয়ে নেওয়ার কথা বলেন এক পুলিশ সদস্য। পরে বাসটি এগিয়ে না নিলে কথাকাটাকাটির একপর্যায়ে চালককে মারপিট করেন ওই পুলিশ সদস্য। এ-সময় ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হয়। পরে ক্ষুব্ধ শ্রমিকরা একজোট হয়ে সড়কের মাঝখানে গাড়ি রেখে প্রতিবাদ করেন। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ এসে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে অভিযুক্ত পুলিশ সদস্যকে থানা থেকে সরিয়ে নেওয়ার কথা বললে ক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ তুলে নেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মো. মেনহাজুল আলম জানান, সড়কে গাড়ি রাখা নিয়ে তাজহাট থানার এক পুলিশ সদস্যের সঙ্গে শ্রমিকদের কথাকাটাকাটির ঘটনা ঘটে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে বিষয়টি সমাধান হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।