ফুটবলকে 'এনবিএ' মডেলের সঙ্গে তুলনা করে এমবাপ্পের সতর্কবার্তা

২০২৪-২৫ মৌসুম থেকে নতুন আঙ্গিকে মাঠে গড়াবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ৩২ দলের জায়গায় অংশ নেবে ৩৬টি। প্রতিটি দল গ্রুপ পর্বে খেলবে ৮টি করে ম্যাচ। বর্তমানের চেয়ে যা দুটি করে বেশি। ২০২৫ সাল থেকে ৩২ দল নিয়ে বড় পরিসরে শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। ২০২৬ সাল থেকে বিশ্বকাপে দলের সংখ্যা ৩২ থেকে বেড়ে হবে ৪৮টি।

বদলে যাওয়া ফুটবল কাঠামোয় বাড়ছে ম্যাচের সংখ্যা। এতে ফুটবলের মান কমার পাশাপাশি ফুটবলারদের ওপরেও চাপ বেড়ে যাবে। অনেকটা এনবিএ আদলে এই কাঠামো বদল তাই ক্ষতিকর কিছু নিয়ে আসতে পারে বলে ভাবছেন ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে

 মার্কিন সাময়িকী ‘জিকিউ’তে বুধবার প্রকাশিত সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, 'আমরা এনবিএ (যুক্তরাষ্ট্রের বাস্কেটবল লিগ) মডেলের পথে চলছি, মৌসুমে ৭০ ম্যাচ। ব্যক্তিগতভাবে আমি এত ম্যাচ খেলার বিপক্ষে নই, কিন্তু এতো ম্যাচ খেলে আমরা সবসময় ভালো করতে পারব না। স্বাভাবিকভাবেই দর্শকদের প্রত্যাশাও পূরণ হবে না।'

তিনি যোগ করেন, 'মাঠে সেরা খেলা উপহার দেওয়ার জন্য আমাদের একসঙ্গে ভাবতে হবে, যাতে খেলোয়াড়, দর্শক এবং কর্তৃপক্ষ এটিকে সমর্থন করতে পারে।'

 

ফুটবলে প্রতিযোগিতা ও দিনশেষে খেলাটির সর্বোচ্চ মান ধরে রাখার ব্যাপারে সংশ্লিষ্ট সংস্থা ও দেশের বোর্ডগুলোকে আরও সতর্ক হওয়ার আহ্বানও জানান এমবাপ্পে।