এক যুগের বর্ণাঢ্য ক্যারিয়ারের পর লিভারপুল ছেড়ে গত জুলাইতে সৌদি প্রো লিগের দল আল-ইত্তিফাকে যোগ দিয়েছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জর্ডান হেন্ডারসন। সপ্তাহে সাড়ে তিন লাখ পাউন্ড বেতনকেই এ দলবদলের পেছনে মূল কারণ হিসেবে দেখা হয়েছিল। তবে সেখানে একেবারেই স্বস্তিতে ছিলেন হেন্ডারসন। অবশেষে আয়াক্সে যোগ দেওয়ার মাধ্যমে আবারও ইউরোপে ফিরতে যাচ্ছেন তিনি। দল বদলের সংবাদের বিশ্বস্ত সূত্র ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তিফাকের কোচের দায়িত্বে আছেন আরেক লিভারপুল ও ইংল্যান্ড কিংবদন্তি স্টিভেন জেরার্ড। তার অধীনে অবশ্য নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি হেন্ডারসন। লিগে দলটির অবস্থান এখন আটে।
ডাচ লিগেও খুব একটা স্বস্তিকর অবস্থানে নেই ঐতিহ্যবাহী ক্লাব আয়াক্স। তারা আছে টেবিলের পঞ্চম অবস্থানে। যা ৩৬ বারের চ্যাম্পিয়ন আমস্টারডামের ক্লাবটির জন্য মোটেও কাঙ্খিত না। এমন পরিস্থিতিতে এ দলবদল দুই পক্ষের জন্যই জয়ী পরিস্থিতির সমান। চুক্তি থেকে শুরু করে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ফ্যাব্রিজিও। ২০২৬ সালের জুন পর্যন্ত আড়াই বছরের চুক্তিতে হেন্ডারসনকে দলে ভেড়াচ্ছে আয়াক্স। আজই আমস্টারডাম উড়াল দেওয়ার কথা হেন্ডারসনের।