গতকাল জার্মানির মিউনিখে গ্রোইন ইনজুরির জন্য অস্ত্রোপচার সম্পন্ন করেছেন ভারতের হার্ডহিটার মিস্টার ত্রিসিক্সটি ডিগ্রি সূর্যকুমার যাদব। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে গোড়ালির ইনজুরির পর সাম্প্রতিক সময়ে এটিই তার দ্বিতীয় অস্ত্রোপচার। এ দফায় ‘স্পোর্টস হার্নিয়া’র জন্য জার্মান চিকিৎসকের দ্বারস্থ হন সূর্য।
সফল অস্ত্রোপচার শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে সবার প্রতি কৃত্জ্ঞতা জানিয়েছেন সূর্য।
এ সার্জারির আগে বেঙ্গালুরুর ন্যাশনাল একাডেমিতে গোড়ালির পুনর্বাসনে ছিলেন সূর্য। দ্বিতীয় অস্ত্রোপচারের পরও সেখানেই পুনর্বাসনে থাকবেন। সব কিছু ঠিক থাকলে আইপিএল দিয়ে মাঠে ফিরবেন তিনি।
সবশেষ আন্তর্জাতিক সফরে দক্ষিণ আফ্রিকায় ভারতীয় টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেন সূর্য। কেবার্খায় দ্বিতীয় ম্যাচে ৩৬ বলে ৫৬ রানের ইনিংসের পর শেষ ম্যাচে ৫৬ বলে সেঞ্চুরি করেন তিনি। ইনজুরির কারণে ঘরের মাঠে শেষ হওয়া আফগান সিরিজে দলে ছিলেন না তিনি।