আগামী ৭ ফেব্রুয়ারি নয়াদিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এটাই হবে তার প্রথম বিদেশ সফর। আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন বলে পররাষ্ট্রমন্ত্রী জানান। শপথ নেওয়ার পরই নতুন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন- ভারত সফর দিয়েই তিনি তার সফর শুরু করতে চান। যদিও এর মধ্যে গতকাল বুধবার দুদিনের সফরে উগান্ডায় একটি সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তার।
গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে। ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভা শপথ নেয়। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান হাছান মাহমুদ। তিনি আগের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে ছিলেন।