দিল্লির বিক্ষোভে সংহতি জানিয়ে শাহবাগে সমাবেশ

‘সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদ আধুনিক প্রযুক্তির সাহায্যে বিশ্বজুড়ে বিস্তার লাভ করে মানুষের মৌলিক অধিকারকে নিষ্পেষণ করছে। তবে বিশ্বব্যাপী গণমানুষের এই মুক্তির সংগ্রাম থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন নয়।’

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পিএম
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসির) পদত্যাগের দাবিতে দিল্লির ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান আন্দোলনসহ পাকিস্তান, ফ্রান্স ও বেলজিয়ামের ছাত্র-জনতার সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর শাহবাগে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত এই সমাবেশে বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল রাজনৈতিক কর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে কবি মোহন রায়হান বলেন, ‘সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদ আধুনিক প্রযুক্তির সাহায্যে বিশ্বজুড়ে বিস্তার লাভ করে মানুষের মৌলিক অধিকারকে নিষ্পেষণ করছে। তবে বিশ্বব্যাপী গণমানুষের এই মুক্তির সংগ্রাম থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন নয়।’
 

তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর আন্দোলন এবং ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনা স্মরণ করে প্রগতিশীল ও গণতন্ত্রকামী শক্তিকে একতাবদ্ধ হওয়ার জোর তাগিদ দেন।
 
মোহন রায়হান বলেন, ‘সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মতপার্থক্য ভুলে ছাত্র, শ্রমিক, শিক্ষক, কবি, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক কর্মীদের রাজপথে নেমে আসতে হবে।’
 
শ্রেণিসংগ্রাম ও জনযুদ্ধের সৈনিক হিসেবে অধিকার আদায়ের এই লড়াইয়ে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে তিনি স্বরচিত কাব্যিক পঙ্ক্তি আবৃত্তি করে মুক্তিকামী জনতার উদ্দেশ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের বার্তা দেন।
 
আয়োজনে দেশাত্মবোধক ও গণসংগীত পরিবেশন করেন শিল্পী বুলবুল। পরে সভাপতির বক্তব্যের মাধ্যমে বৈশ্বিক সংহতি সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
 
 
সর্বশেষ সর্বাধিক পঠিত