সংসদে বিরোধী দল হিসেবে থাকার সিদ্ধান্ত জাপার

দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিরোধী দল হিসেবে জাপার থাকার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি দেশ রূপান্তরকে বলেন, সংসদে আমরা বিরোধী দল হিসেবে থাকছি। দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত লিখিতভাবে স্পিকারকে জানানো হবে।

তবে বিরোধী দল হিসেবে জাপাকে স্বীকৃতির বিষয়টি স্পিকারের ওপর নির্ভর করছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিরোধী দলীয় নেতা হবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা এবং জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচিত করা হয়েছে।

আগামী সংসদে বিগত দুইটি সংসদের মতো বিরোধী দল হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল জাতীয় পার্টি মাত্র ১১টি আসনে জয়লাভ করে। ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেন।