রমজানকে সামনে রেখে মজুতকারিদের হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

রমজানকে সামনে রেখে মজুতকারিদের হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রমজান মাসে অবৈধভাবে মজুতদারি করে পণ্যের দাম বৃদ্ধির চেষ্টা করবে তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থার ঘোষণা দেন তিনি।

একই সঙ্গে রমজান মাসে তেল-চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে অযৌক্তিকভাবে দাম না বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

আজ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে টিসিবি আয়োজিত দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মধ্যে জানুয়ারি মাসের টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, পণ্যের অবৈধ মজুত রেখে বাজারে কৃত্রিম সংকট করা যাবে না। যারা বেশি মুনাফার লোভে অন্যায়ভাবে দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। 

ভয়-ভীতি বা জরিমানা করা উদ্দেশ্য নয় জানিয়ে তিনি বলেন, আমাদের উদ্দেশ্য উৎপাদন এবং রপ্তানিকারকদের থেকে রিটেইলারের মাধ্যমে ভোক্তার কাছে সহজে সব পণ্য যেন পৌঁছে যায় সেই ব্যবস্থা নিশ্চিত করা। একটি স্মার্ট বাজার ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা।