তামিম ইকবালকে পেয়েই চলে আসলো জাতীয় রাজনীতির প্রসঙ্গ। তার সঙ্গে খেলা তারকাদের মধ্যে এতোদিন বড় ভাই মাশরাফী ছিলেন সংসদ সদস্য। এবার থেকে বন্ধু সাকিব আল হাসানও একই রূপে। ভবিষ্যতে তিনি নিজেও এ পথে হাঁটবেন কি না জানতে চাওয়া হয় বরিশাল অধিনায়কের কাছে।
একটু হকচকিয়ে গেলেও তামিম উত্তর দিয়েছেন খুব সতর্কতার সঙ্গে। বলেছেন, ‘ভাই, এটা খুব রিস্কি একটা কথা। এখন আমি “না” বললাম। এরপর দেখা গেল ১০ বছর হলো, তখন আপনি এটা ধরে দেখিয়ে দেবেন যে আমি “না” বলেছিলাম।’
তবে রাজনীতি নিয়ে তামিমের আপাতত কোনো পরিকল্পনা নেই। কিন্তু সম্ভাবনাও উড়িয়ে দেননি, ‘সুতরাং কখনোই কোনো কিছুকে “না” বলা ঠিক নয়। তবে এই মুহূর্তে (রাজনীতি নিয়ে) আমার কোনো পরিকল্পনা নেই।’
রাজনীতির মাঠে মাশরাফি ও সাকিবের সাম্প্রতিক সাফল্যের পর তাদের অভিনন্দিত করেছেন কি না জানতে চাওয়া হলে তামিম বলেন, ‘দুজনের কারও সঙ্গেই দেখা হয়নি। দেখা হলে অবশ্যই কথা হবে। কথা তো হবেই। দেখা যাক।’
সাকিব এর মধ্যেই বিসিবির সভাপতি হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। তামিমের এমন কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি? তামিম বলেছেন, ‘আমার এই সবে কোনো কিছু না। ইউ নেভার নো, ফিউচার আপনাকে কোন জায়গায় নিয়ে যায়। যদি আল্লাহ আমার কপালে ওই রকম কিছু লিখে রাখেন, সেটা অটোমেটিক্যালি হবে। ওইটা আমি জোর করে চেয়ে নিতে পারব না।’