খোঁজ মেলেনি হুমায়নের

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া প্রান্তের ৫ নম্বর ঘাটে ফেরিডুবির ঘটনায় ১ দিন পার হলেও উদ্ধার হননি নিখোজ দ্বিতীয় ইঞ্জিন চালক হুমায়ন কবির।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মোট ৩টি ট্রাক উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রজনীগন্ধা নামে ছোট ফেরিটি ছিদ্র হয়ে পানি উঠে ডুবে যায়। ফেরি ডোবার একদিন পার হলেও ৯টি ট্রাকের মধ্যে মাত্র ৩টি ট্রাক উদ্ধার করতে পেরেছে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী জাহাজ 'হামজা'। উদ্ধারকারী জাহাজ 'রুস্তম' বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এসেছে পাটুরিয়ায়। আর 'প্রত্যয়' বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ঘটনাস্থলে আসতে পারেনি। 'হামজা' বুধবার ২টি ট্রাক আর বৃহস্পতিবার দুপুরে দুই উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম মিলে একটি ট্রাক উদ্ধার করতে পেরেছে। ডুবন্ত ফেরি থেকে ২০ জনকে উদ্ধার করতে পারলেও দ্বিতীয় ইঞ্জিন চালক হুমায়নকে উদ্ধার করা পারেনি।

পাটুরিয়ায় ফেরিডুবি

নিখোঁজ হুমায়ন কবিরের ভাই রফিকুল ইসলাম বলেন, ফেরিডুবির ঘটনার একদিন পার হলেও আমার ভাইয়ের কোনো হদিস পাচ্ছি না। সে বেচে আছে নাকি মৃত্যু হয়েছে সেটাও বলতে পারছেন না কেউ।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ বলেন, রজনীগন্ধা ফেরিটি যেহেতু ছোট ফেরি, আর ফেরিটি সম্পূর্ণ উল্টে গেছে, তাই নিখোঁজ ইঞ্জিন চালক হুমায়নকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শনাক্ত করতে পারিনি। কেন এত দেরি হচ্ছে তাকে খুঁজতে- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আসলে ফেরির ভেতরে কেবিন রয়েছে, ইঞ্জিন রুম হয়েছে। সে কারণেই তাকে পাওয়া যাচ্ছে না।

বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট শাহপরান ইমন বলেন, আসলে রাতারাতি ফেরি এবং ট্রাক উদ্ধার করা সম্ভব না। উপরে থাকা ফেরি আর ডুবন্ত ফেরি কিন্তু এক না। খুব দ্রুত কাজ করতে গেলে আবার নতুন করে দুর্ঘটনা ঘটতে পারে। আর নিখোঁজ হুমায়নের উদ্ধার করার জন্য আমাদের ডুবুরিদল এখনও কাজ করছে।