পাটুরিয়া ঘাটের পশ্চিমে ডুবে থাকা ইউটিলিটি ফেরি রজনীগন্ধা থেকে রুস্তম ও উত্তরণ জাহাজের সাহায্যে বৃহস্পতিবার সারাদিনে একটি কাভার্ড ভ্যান উদ্ধারের মধ্যে দিয়ে অভিযান স্থগিত ঘোষণা করা হয়েছে। এ নিয়ে প্রায় ৩৬ ঘণ্টায় ফেরিতে থাকা ৯টির মধ্যে ৩টি ট্রাক উদ্ধার করা হলো।
সবশেষ উদ্ধারকৃত ট্রাকে (নম্বর কুষ্টিয়া ট-১১-২৬৩৩) কোটি টাকা মূল্যের ভারতীয় কার্পাস তুলা বোঝাই ছিল। নারায়ণগঞ্জ থেকে রওয়ানা দেওয়া অপর উদ্ধার জাহাজ ‘প্রত্যয়’ রাত ১০টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
জানা গেছে, গত মঙ্গলবার রাত ১টার দিকে দৌলতদিয়া থেকে ৯টি ট্রাক ও যাত্রী নিয়ে রজনীগন্ধা ফেরি ঘন কুয়াশায় পাটুরিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের আধা কিলোমিটার পশ্চিমে পদ্মায় নোঙ্গর করা অবস্থায় তলা ফেটে ডুবে যায়। এ ঘটনায় ফেরির সহকারী চালক হুমায়ুন কবির নিখোঁজ রয়েছেন।
আজ উদ্ধার হওয়া ট্রাকের চালক আবু দাউদ বলেন, 'আমার এই গাড়িটি মেরামত করে রাস্তায় নামাতে প্রায় পাঁচ লাখ টাকা লাগবে। ফেরিতে থাকা লোকেদের গাফিলতির কারণেই আমাদের এই অবস্থা।'
ঘটনা তদন্তে মানিকগঞ্জ জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিসি পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।