ইন্ডিয়ান ওমেন্স লিগ

না খেললেও সাবিনা-সানজিদার দুই রকম অভিজ্ঞতা

দু'জনই ইন্ডিয়ান ওমেন্স লিগের মাঝপথে যোগ দিয়েছেন নিজ নিজ দলে। বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের দল কিকস্টার্ট এফসি। জাতীয় দলে তার সতীর্থ সানজিদার দল কলকাতা জায়ান্ট ইস্ট বেঙ্গল। ভারতের মাটিতে দু'জনের শুরুটা একইভাবে, বেঞ্চে বসে থেকে। তবে বেঞ্চ থেকে দু'জন পেয়েছেন দু'রকম স্বাদ। বুধবার কিকস্টার্ট ১-০ গোলে হারিয়েছে সাবিনার সাবেক ক্লাব সেথু এফসির বিপক্ষে। আর বৃহস্পতিবার সানজিদা বেঞ্চ থেকে তার ইস্ট বেঙ্গলকে ৪-১ গোলে হারতে দেখেছেন ওড়িষা এফসির বিপক্ষে।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতে খেলতে গেছেন সাবিনা। পাঁচ ম্যাচ শেষে তার দল কিকস্টার্ট ১৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয়স্থানে। শীর্ষে থাকা ওড়িষা এফসির সঙ্গে তাদের ব্যবধান মাত্র ২ পয়েন্টের। ২৪ জানুয়ারি শীর্ষে থাকা দল দুটি মুখোমুখি হবে একে অপরের। সেই ম্যাচে মাঠে দেখা যেতে পারে সাবিনাকে। 

অন্যদিকে সানজিদার ইস্ট বেঙ্গলের অবস্থা খুব ভালো নয়। পাঁচ ম্যাচের মাত্র একটিতে জয় আর চার হারে তিন পয়েন্ট নিয়ে তারা আছে সাত দলের আসরে ছয় নম্বরে। ২৩ জানুয়ারি ইস্ট বেঙ্গল ষষ্ঠ ম্যাচটি খেলবে ২৩ জানুয়ারি গোকুলাম কেরালার বিপক্ষে।