থাইল্যান্ডে রাজতন্ত্রের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় মংকোল থিরাকোট নামের এক যুবককে ৫০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি গণতন্ত্রপন্থী কর্মী হিসেবে পরিচিত। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর চিয়াং রাইয়ের আদালত ৩০ বছর বয়সী মংকোলকে ৫০ বছরের কারাদণ্ড দেন। তিনি অনলাইনে পোশাক বিক্রি করতেন। ফেসবুকে রাজতন্ত্রের সমালোচনা করে পোস্ট দেওয়ায় মংকোলকে থাইল্যান্ডের বিচারিক আদালত প্রথমে ২৮ বছরের কারাদণ্ড দেয়। তিনি এ রায়ের বিরুদ্ধে আপিল করলে আরও ১১টি অপরাধে দোষী সাব্যস্ত হন। পরে আদালত তার শাস্তি বাড়িয়ে ৫০ বছরের কারাদণ্ড দেয়।
২০২১ সালে রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভের সময় মংকোলকে গ্রেপ্তার করেছিল থাই সরকার।
মংকোলকে দেওয়া এই শাস্তি থাইল্যান্ডের ইতিহাসে ‘লেস-ম্যাজেস্ট’ আইনে দেওয়া কোনও ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি বলে জানিয়েছে বিবিসি। এই আইনে রাজতন্ত্র সম্পর্কে নেতিবাচক মন্তব্য করাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এর আগে লেস-ম্যাজেস্ট আইনের অধীনে এক নারীকে ৪৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দেশটির মুভ ফরোয়ার্ড পার্টি বিজয়ী হয়েছে। নির্বাচনের আগে দলটি লেস-ম্যাজেস্ট আইন সংস্কারের আহ্বান জানিয়েছিল।
বেসরকারি সংস্থা থাই লইয়ার্স ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এ আইনের অধীনে ২০২০ সাল থেকে এখন পর্যন্ত অন্তত ২৬০টি মামলা হয়েছে। বিচার করা হয়েছে প্রায় দুই হাজার জনের।