চাঁদপুর লঞ্চঘাটে এমভি বোগদাদিয়া-৭ নামে যাত্রীবাহী লঞ্চের কেবিন থেকে মো. জয়নাল নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মৃত দর্জি দোকানের কর্মচারী ছিলেন।
আজ শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে সদরঘাট থেকে ছেড়ে দুপুরে চাঁদপুর ঘাটে আসার পর মৃত্যুর বিষয় জানতে পারে চাঁদপুর নৌ থানা পুলিশ ওই ব্যাক্তির মরদেহ উদ্ধার করেন।
জানা যায়, জয়নালের বাড়ি শরীয়তপুর জেলায়। পুলিশ জানায়, তিনি ঢাকা একটি দর্জির দোকানে কাজ করতেন। লঞ্চের নীচতলার ১০৩ নাম্বার কেবিনে তার মৃত্যু হয়।
বোগদাদিয়া লঞ্চ-৭ এর মাস্টার কলিমুল্লাহ জানান, আজ সকাল ৮টা ৩৫ মিনিটে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে লঞ্চটি পৌনে ১২ টায় চাঁদপুর ঘাটে আসে। ঘাটে আসারপর সকল যাত্রী লঞ্চ থেকে নেমে পড়ে। কিন্তু নীচতলার ১০৩ কেবিনের যাত্রী বের হয় না। পরে দরজায় অনেকবার নক করা হলেও সাড়া শব্দ না পেয়ে জানালা খুলে দেখা যায় তিনি নীচে পড়ে আছেন। বিষয়টি সঙ্গে সঙ্গে নৌ থানা পুলিশকে অবহিত করলে পুলিশের সহায়তার মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লঞ্চের টালী খাতায় তিনি জয়নাল নাম অন্তর্ভুক্ত করেছেন।
চাঁদপুর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) জহির জানান, খবর জানতে পেরে লঞ্চে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সে ঢাকায় একটি দর্জির দোকানে কাজ করে বলে দোকান মালিকের সাথে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন তার বাড়ি শরিয়তপুর জেলায়। কেবিনে তিনি একা থাকায় পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি। তবে আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. মুনসুর আহমেদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই রোগী মৃত্যু হয়। রোগীকে যেহেতু মৃত অবস্থায় আনা হয়েছে, তাই কোন কারণ বলা যাচ্ছে না। ওই ব্যক্তির মরদেহ বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।