স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে যশোরের ঝিকরগাছায় বন্ধুর হাতে এক যুবক খুন হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তৌফিক হোসেন (২২) কৃষ্ণনগর গ্রামের স্থানীয় আফিল পোলট্রি ফার্মের কর্মচারী। অভিযুক্ত কেসমত বাবু ওরফে ক্যাসেট কাটাখালী গ্রামের বাসিন্দা।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কাটাখাল এলাকায় কিসমত বাবুর স্ত্রীর সাথে তৌফিকের পরকীয়ার সন্দেহে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
স্থানীয়দের বরাতে ওসি আরও জানান, নিহত তৌফিক হোসেনের সঙ্গে ভ্যানচালক কেসমত বাবু ওরফে ক্যাসেটের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল। এই বন্ধুত্বের সম্পর্কের কারণে তৌফিক তার বাড়িতে যাওয়া আসা করতো। এক সময় কেসমত বাবুর স্ত্রী সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে তৌফিকের। যা কেসমত বাবু জেনে যায়। শনিবার সকালে তৌফিক আফিল ফার্মে কাজে যাওয়ার পথে কেসমতের বাড়িতে গেলে দুই জনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কেসমত বাবু তৌফিককে ছুরি দিয়ে আঘাত করে। স্থানীয়রা তৌফিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে মৃত্যু হয় তৌফিকের।
ঝিকরগাছা থানার ওসি আরও জানান, মরদেহ যশোর জেনারেল হাসপাতালে মর্গে নেওয়া হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা করা হচ্ছে। বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কোনো মামালা হয়নি।