মেট্রোরেলে কমলাপুর পর্যন্ত যেতে কতদিন অপেক্ষা করতে হবে

রাজধানীর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত যেতে আরও দেড় বছর অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের নির্মাণ কাজ আগামী বছরে জুনে শেষ হবে। মেট্রোরেলের সময়সীমা বাড়ানোর বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এমআরটি লাইন-৬ এর মতিঝিল-কমলাপুরের ১ দশমিক ১৬ কিলোমিটার বাড়ানোর কাজ পুরোদমে চলছে জানিয়ে কাদের বলেন, ‘গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্মাণ কাজের অগ্রগতি ২৫ শতাংশ। আগামী জুন ২০২৫ এই অংশের শুভ উদ্বোধন করা যাবে।’

এছাড়া উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের জন্য সমীক্ষা চলছে বলেও জানান সেতুমন্ত্রী।

২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৩ সালের ৪ নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ। এ বছরের শেষ দিন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনের সবগুলোই খুলে দেওয়া হয়। মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ এখনও চলমান।