স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার। পরিবারকেও জানান- সেভাবে প্রস্তুতি নিচ্ছেন তিনি। পরিবারেরও বিশ্বাস ছিল তার ওপর। কিন্তু পরীক্ষায় বসারও সুযোগ হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য গ্র্যাজুয়েশন সম্পন্ন করা জয়নব খাতুনের।
আজ শনিবার (২০ জানুয়ারি) বান্দরবান জেলার রুমা উপজেলার কেওক্রাডং-দার্জিলিং পাড়ার মাঝামাঝি এলাকায় পর্যটকবাহী জিপ পাহাড়ের খাদে পড়ে মারা যান তিনি। আর সে সঙ্গে মৃত্যু হয় তার স্বপ্নেরও।
শনিবার দুপুর ১২টার দিকে রুমা-কেওক্রাডং সড়কের কেওক্রাডং ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি চিংড়ি ঝিরি এলাকায় এঘটনা ঘটে। জয়নব ছাড়াও ডা. ফিরোজা নামে আরেক পর্যটক নিহত হন। এঘটনায় আরও ১০ জন আহত হন। বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) শাহ মোজাহিদ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।
জয়নব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের অপরাধবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। থাকতেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে। দক্ষ সংগঠক এবং বিতার্কিক হিসেবে বন্ধুদের মধ্যে পরিচিত ছিলেন। বিভাগের চেয়ারম্যান শাহিরা আফরিন দেশ রূপান্তরকে বলেন, সে একটা ট্রাভেল গ্রুপের সাথে কাজ করত। সেখান থেকেই বান্দরবান গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সে মারা গেছে। ব্যক্তিগতভাবে তাকে আমি চিনতাম। সে যথেষ্ট ভদ্র, তীক্ষ্ণ মেধাবী এবং অনেকগুলো সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। আমার বিশ্বাস বেঁচে থাকলে সে অনেক ভালো কিছু করত।
জয়নবের সহপাঠী তানিয়া আক্তার তাপসী বলেন, আমাদের বন্ধুদের মধ্যে জয়নব ছিল মধ্যমণি। পড়ালেখায় যেমন ভালো, সব বিষয়ে অভিজ্ঞ ছিল সে। আমরা একজন ভালো বন্ধু হারালাম। একই সঙ্গে তার সুন্দর স্বপ্নগুলোর মৃত্যু ঘটল।
জয়নবের ভাই মেহেদি হাসান বাবু দেশ রূপান্তরকে বলেন, সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে মাত্র মাস্টার্সে ভর্তি হয়েছে। সে বাড়ি থেকে যাওয়ার আগে বলেছিল মাস্টার্সে ভর্তি হয়ে সে ভালোভাবে বিসিএসের প্রস্তুতি নেবে এবং বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন তার। আমাদেরও বিশ্বাস ছিল, সে পারবে। পরিবারের অনেক আদরের মেয়ে ছিল সে। তার সব স্বপ্ন পূরণের আমরা চেষ্টা করেছি। আমাদের ও তার সব স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। জানি না আমরা এই শোক কিভাবে সইব।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) ৪৫ জনের একটি পর্যটকের দল বান্দরবান জিপ মাইক্রোবাস স্টেশন থেকে ৫টি পর্যটকবাহী গাড়ি কেওক্রাডং ভ্রমণে যায়। আজ ফেরার পথে রুমা-কেওক্রাডং সড়কের দার্জিলিং পাড়ার মাঝামাঝি এলাকার চিংড়ি ঝিরি নামক স্থানে গেলে একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত ও ১০ জন আহত হন।
জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, ঢাকা থেকে বেড়াতে আসা ৫৮ জনের একটি টিম পাঁচটি জিপ নিয়ে শুক্রবার সকালে রুমা উপজেলার বগালেক যায়। এরপর তারা শনিবার বগালেক থেকে কেওক্রাডং ভ্রমণ শেষে বান্দরবান সদরে ফেরার পথে বগালেক-কেওক্রাডং সড়কের দার্জিলিং পাড়ায় একটি জিপ দুর্ঘটনায় শিকার হয়। এতে ঘটনাস্থলে দুই পর্যটক নিহত ও ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার পাশাপাশি নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।