ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে উপাচার্য ও প্রক্টরের জবাবদিহি দাবি করেছেন সংগঠনটির নেতারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন শিবিরের নেতা-কর্মীরা। বিক্ষোভ চলাকালে তাঁরা ‘ছাত্রলীগের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘ক্যাম্পাসে ককটেল মারে, ভিসি-প্রক্টর কী করে’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে ক্যাম্পাসের শ্যাডো এলাকা ও ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সোহেল নামের এক প্রাইভেটকারচালক গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভিসি-প্রক্টরের প্রতীকী ‘হারানো বিজ্ঞপ্তি’
এদিকে ক্যাম্পাসে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকা নিয়ে ব্যঙ্গাত্মক প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। এ প্রতিবাদের অংশ হিসেবে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল প্রাং রতনের নামে প্রতীকী ‘হারানো বিজ্ঞপ্তি’ প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেন এবি জুবায়ের।
পোস্টে তিনি লেখেন, ‘একটি হারানো বিজ্ঞপ্তি-ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ওবায়দুল ইসলাম এবং প্রক্টর ইস্রাফিল প্রাং স্যার দীর্ঘদিন ধরেই নিখোঁজ রয়েছেন। কোনো সহৃদয়বান ব্যক্তি ওনাদের খোঁজ পেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিল্ডিংয়ে যোগাযোগ করার অনুরোধ রইলো।’