গণমাধ্যমকে মিজানুর

‘আমি টাকা দিয়েছি, খেলোয়াড়রা না পেলে কিছু করার নেই’

ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা ডিপিএলের গত দুই মৌসুমের পারিশ্রমিক বকেয়া। বেশ কয়েকবার চেষ্টা করেও সাড়া পাননি কর্মকর্তাদের। শেষ পর্যন্ত খেলোয়াড়রা করেছেন মানববন্ধন। ব্রাদার্স পৃষ্ঠপোষক মিজানুর রহমান আবার এবারের ফরচুন বরিশালের মালিকপক্ষেরও একজন। দলটি আজ রংপুরকে হারানোর পরই গণমাধ্যমকর্মীরা ঘিরে ধরেন তাকে। সেখানে জানালেন ঢাকার ঐতিহ্যবাহি এই ক্লাবটির দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়িয়েছেন তিন বছর আগেই।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিজানুর বলেন, ‘এটা তিন বছর আগের ঘটনা। আমি ব্রাদার্স থেকে তিন বছর আগে বেরিয়ে এসেছি। সিসিডিএম থেকে রিজাইন করেছি। কাউন্সিলরশিপ প্রত্যাহার করেছি। তাদের (ব্রাদার্স) সঙ্গে তিন বছর ধরে পাওনা তো দূরে থাক, কথাবার্তাই নেই।’

বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের কথা মতো দলটিকে ১ কোটি ৪০ লাখ টাকা দিলেও তার দাবি ক্লাব সেই টাকা ক্রিকেটারদের দেয়নি। মিজানুর বলেন, 'মল্লিক ভাই (বিসিবি পরিচালক ইসমাইল হায়দার) আমাকে বলেছিলেন ওদের এক কোটি টাকা দিতে। আমি ওদের এক কোটি ৪০ লাখ টাকা দিয়েছি। এখন খেলোয়াড়রা না পেলে কিছু করার নেই।’

উল্টো ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে পাল্টা অভিযোগ করে মিজানুর বলেন, ‘দ্বন্দ্ব হচ্ছে, খেলোয়াড়দের ম্যানেজমেন্ট টাকা দেয় না। টাকা নিয়ে টাকা দেয় না। আমি সেখানে কেন থাকব? আমাকে যুক্ত করা হয়। একজন খেলোয়াড় নিলে আমার তো জানতে হবে। আমি তো জানিই না। সেখানে কেউই দল করবে না।’