অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শ^াসরুদ্ধকর জয় পেয়েছিলেন নারী টেনিসের শীর্ষ বাছাই ইগা সোয়ানতেক। ড্যানিয়েল কলিন্সের সঙ্গে ম্যাচ নির্ধারণী শেষ সেটে ১-৪ ব্যবধানে পিছিয়ে পড়ার পরও ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছিলেন ইগা। ম্যাচশেষে বলেছিলেন, ‘মনে হয়েছিল বিমানবন্দরে পৌঁছে গেছি।’ ওই ম্যাচে না হলেও তৃতীয় রাউন্ড থেকেই সরাসরি বিমানবন্দরের পথ ধরতে হলো পোল্যান্ডের এই তারকাকে। শনিবার ১৯ বছর বয়সী চেক প্রজাতন্ত্রের লিন্দা নোসকোভার কাছে হেরে গেছেন ইগা। রড লেভার অ্যারেনায় লিন্দার সঙ্গে প্রথম সেটটি ৬-৩ ব্যবধানে জেতেন ইগা। পরের দুই সেটে হার মানেন ৩-৬ ও ৪-৬ গেমে। উচ্ছ্বসিত লিন্দা ম্যাচশেষের প্রতিক্রিয়ায় জানান, ‘আমার জন্য অবিশ্বাস্য এক ম্যাচ ছিল এটি। এমন ম্যাচটি জিততেই চেয়েছিলাম।’