ঘুমন্ত স্ত্রীর প্রাণ নিল স্বামীর নিষ্ঠুর কুড়াল

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্বামীর কুড়ালের আঘাতে ঘুমন্ত স্ত্রী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২১ জানুয়ারি) ভোর ৪টার দিকে নাগেশ্বরী পৌরসভার হেলিপোর্ট, কবিরের ভিটা গ্রামে। নিহতের নাম লতা রাণী শীল (৫০)। ঘাতক স্বামী সত্য চন্দ্র শীল (৬০) ঘটনার পর থেকেই পলাতক।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া চলে আসছিলো। ভোরে স্বামী সত্য চন্দ্র শীল তার ঘুমন্ত স্ত্রী লতা রাণী শীলকে কুড়াল দিয়ে ঘাড়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত লতা রাণী শীলের পিতার বাড়ি চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের মহাদেব পাট এলাকার শীলপাড়ী গ্রামে।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে পাঠানো হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।