জমি নিয়ে বিরোধ: বাবা-ছেলেকে পেটাল প্রতিপক্ষরা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে বাবা-ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহতরা হলেন উপজেলার তেলিখালি ইউনিয়নের ৮নং ওয়ার্ড হরিণপালা গ্রামের আব্দুল হাই আকন (৬৫) ও তার ছেলে হাসান আকন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একই এলাকার রুস্তুম আল আকনের ছেলে খোকনের (৪২) সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল আব্দুল হাই আকনের। এ ঘটনায় তার ছেলে হাসান আকন পিরোজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন।

২০ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর কোর্ট থেকে মামলার নোটিশ নিয়ে কোর্ট প্রতিনিধি বিবাদীদের কাছে যায়। এ সময়  ক্ষিপ্ত হয়ে খোকন আকনের নেতৃত্বে তার ছেলে বাইজিদ আকন (২২), স্ত্রী পারুল বেগম (৩৫), আসাদুল (২২) শামীম আকনসহ (৪৫) ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাদীদের ওপর হামলা চালায়।

এ সময় আব্দুল হাই আকনকে কুপিয়ে ডান চোখের ওপরে জখম করা হয় ও তার ছেলে হাসান আকনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত প্রতিপক্ষরা। এছাড়াও তাদের বাড়িতে হামলা চালানো হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাণ্ডাারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার এএসআই মো. নাঈম।