খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত গভীর রাতে তাদরকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও কুয়েটে রেজিস্ট্রারের দপ্তরে (ডেসপাস শাখা) অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত অলিয়ার রহমান রাজু, রিফাত হোসেন ও মেহেদী হাসান আকাশ।
সূত্র জানায়, গ্রেপ্তার অলিয়ার রহমান রাজু কুয়েটে রেজিস্ট্রারের দপ্তরে কর্মরত। বাকি দুজন বহিরাগত। তারা তিনজনই কুয়েট ছাত্রলীগ সভাপতি রুদ্র নীলের অনুসারী হিসেবে পরিচিত। রুদ্রের সঙ্গে প্রায়ই তাদের ক্যাম্পাসে ও লালন শাহ হলে দেখা যেত।
নগরীর খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, গত ১৪ জানুয়ারি রাতে লালন শাহ হলে ওঠাকে কেন্দ্র করে তিনজনকে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় ১৬ জানুয়ারি কুয়েট ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তাহমিদুল হক ইশরাক বাদি হয়ে রুদ্র নীলসহ ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করে স্থানীয় থানায় মামলা করেন। এ মামলার তাদের গ্রেপ্তার করা হয়েছে।