শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে সংগীত ও নৃত্যে প্রাক্তনীদের পুনর্মিলন

ঢাকের তাল আর নৃত্যের মুদ্রায় অতিথি বরণের মধ্য দিয়ে গতকাল সকালে শুরু হয় শান্ত-মারিয়াম ইউনভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সংগীত ও নৃত্যকলা বিভাগের প্রাক্তনী সম্মিলন-২০২৪। 

শিক্ষাটাই যেখানে নৃত্য ও সংগীতের সেখানে এই শিক্ষার্থীদের প্রাক্তনী সম্মিলনে বক্তৃতা বিবৃতির পরিবর্তে ঢাকের তাল তথা কণ্ঠ ও অঙ্গের মূর্ছনারই প্রাধান্য ছিল। বর্ণিল সাজে রঙ্গিলা র‌্যালি করে একযোগে প্রিয় ক্যাম্পাসে প্রবেশ করেন দেশের কালচারাল অঙ্গনে অত্যন্ত সুপরিচিত সংগীত ও নৃত্যশিল্পী তথা দেশের প্রথম এই সাংস্কৃতিক বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নৃত্যকলা বিভাগের প্রাক্তনীরা। 

গতকাল ২০ জানুয়ারি সকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে প্রায় দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ার‌্যান বরেণ্য শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, কোষাধ্যক্ষ প্রফেসর শামসুন নাহার, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডিন আর্কিটেক্ট হোসনে আরা রহমান, সরকার ও রাজনীতি বিভাগের প্রধান ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ডক্টর ইয়াসমীন আহমেদসহ শিক্ষক ও কর্মকর্তারা। 

সংগীত বিভাগের শিক্ষক শিল্পী প্রফেসর লিলি ইসলামের প্রাণবন্ত উপস্থাপনা ও ফাইন অ্যান্ড পারফর্মিং আর্টস অনুষদের ডিন অধ্যাপক প্রদীপ কুমার নন্দী’র সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠান মনোমুগ্ধকর সংগীত ও নৃত্য পরিবেশনা, আলোচনা ও প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণে এক প্রাঞ্জল মিলনমেলায় পরিণত হয়।