মায়ের আহাজারি

মেয়েকে শীতের পিঠা খাওয়াতে পারলাম না

গ্রামের মেধাবী ছাত্রী জয়নবের লাশটি শেষবার দেখার জন্য কয়েকশ’ মানুষের জটলা। লাশ আসার সঙ্গে সঙ্গে আহাজারিতে ভারি হয়ে ওঠে চারপাশ। অন্যদিকে মেয়েকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। রবিবার (২১ জানুয়ারি) কুড়িগ্রামের রৌমারী উপজেলার মন্ডলপাড়া গ্রামের বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী জয়নবের বাড়িতে এমন দৃশ্য দেখা যায়।  

এ সময় মেয়ের লাশের পাশে আহাজারি করে মা বলতে থাকেন ‘আহারে আমার মাকে শীতের পিঠা খাওয়াতে পারলাম না’। আমাদের আশা ছিল মেয়েটি শিক্ষিত হয়ে বড় চাকরি করবে। কিন্তু একটি দুর্ঘটনা আমার মায়ের জীবন কেড়ে নিল।

জানা গেছে, রবিবার দুপুর ২টায় রৌমারী কেরামতিয়া আদর্শ ফাযিল মাদ্রাসায় ওই ছাত্রীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মৃত জয়নব খাতুনকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

মৃত জয়নব খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে থাকতেন। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজে জড়িত ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় রেঞ্জার ইউনিটের সদস্য, হিমু পরিবহনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভ্রমণ কন্যার সদস্য ছিলেন। এছাড়াও ভ্রমণ কন্যা-ট্রাভেলস অব বাংলাদেশের সেরা কর্মী নির্বাচিত হন।

কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ জানান, আমি পরিবারটির খোঁজখবর নিয়েছি। পরবর্তীতে সব ধরনের সহযোগিতা করা হবে।

উল্লেখ্য, গত শনিবার সকাল ৮টার দিকে বান্দরবান জেলা সদর থেকে ফেরার পথে রুমা উপজেলায় বগালেক-কেওক্রাডং সড়কের দার্জিলিং পাড়ায় চাঁদের উল্টে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ঢাবি ছাত্রী জয়নবের মৃত্যু হয়। আহত হয় আরও ১২ জন।