এখন ৬৪৮ জন সংসদ সদস্য- এমন যারা বলছেন তারা সংবিধান পরিপন্থী কাজ করছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি বলেছেন, এ ধরনের বক্তব্য যারা দেবেন তারা আদালত অবমাননায় অভিযুক্ত হবেন।
আজ রবিবার সুপ্রিম কোর্টে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
অ্যাটর্নি জেনারেল সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ব্যাখ্যা করে বলেন, সংসদ ভেঙে যাওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। আর এই সময়ে নির্বাচন হলে নির্বাচিত সংসদ সদস্যদের বিষয়ে গেজেট প্রকাশ হবে এবং তাদের তিনদিনের মধ্যে শপথ নিতে হবে।
তিনি বলেন, ‘অন্য সব শপথের চাইতে তাদের (সংসদ সদস্য) শপথে একটু ব্যাতিক্রম রয়েছে। অন্য শপথগুলোতে “আমি যে দায়িত্ব গ্রহণ করিয়াছি” থাকে। কিন্তু তাদের শপথে “আমি যে দায়িত্বভার গ্রহণ করতে যাইতেছি” হবে। অর্থাৎ যেদিন থেকে দায়িত্বভার গ্রহণ সেদিন থেকে এটা কার্যকর হবে।’
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘সংবিধানের ১২৩ (৩) এ যা আছে এখানে পরিস্কার বলা আছে, একটা টার্ম শেষ হওয়ার পর আরেকটা আরম্ভ হবে। এ ধরণের (৬৪৮ সংসদ সদস্য) বক্তব্য দেওয়া সংবিধানের পরিপন্থী কাজ।’
তিনি আরও বলেন, ‘ইতোপূর্বে ২০১৯ হাইকোর্ট এবং ২০২৩ সালে আপিল বিভাগ সুস্পষ্টভাবে রায় (দশম সংসদ বহাল রেখে একাদশ সংসদ সদস্যদের শপথের বৈধতা নিয়ে রিট খারিজের রায়) দিয়ে বলেছেন, এটা সম্পূর্ণ (ওই রিটের বক্তব্য) ভ্রান্ত এবং সংবিধানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’
সম্পূর্ণ রাজনৈতিক কারণে এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে মন্তব্য করে এ এম আমিন উদ্দিন বলেন, সংবিধান অনুযায়ী, ‘সুপ্রিম কোর্ট যে ব্যখ্যা করবেন সেটা নিয়ে কারও কিছু করার বলার থাকে না। কিন্তু এরপরও ওনারা (বিএনপির নেতা ও আইনজীবীরা) যেসব কথা বলছেন সেটা সম্পূর্ণ আদালতের প্রতি অশ্রদ্ধা ও অসম্মান। যারা বলবেন তারা আদালত অবমাননায় অভিযুক্ত হবেন।’
মন্ত্রীদের শপথ সংক্রান্ত এক প্রশ্নে তিনি বলেন, ‘যখন কেউ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন তখন তিনি একটি মন্ত্রীসভা গঠন করবেন এবং এর সঙ্গে ওই বিষয়ের কোনো সম্পর্ক নেই।’