মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা-গোমতী নদী তীরের চরচাষিতে প্যাসিফিক ডেনিমসের অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনায় সময় স্থানীয়দের বাধার মুখে পড়েন বিআইডব্লিউটিএর সদস্যরা। এসময় স্থানীয় ও ফ্যাক্টরির শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক শ্রমিক ও পুলিশ সদস্য আহত হয়েছেন।
জানা গেছে, রবিবার (২১ জানুয়ারি) দুপুর আড়াই টার দিকে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাছানের নেতৃত্বে উপজেলার মেঘনা-গোমতী নদী তীরের চরচাষিতে প্যাসিফিক ডেনিমস কোম্পানির ভিতরে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই কোম্পানির শ্রমিক ও স্থানীয়রা উত্তেজিত হয়ে পুলিশ ও বিআইডব্লিউটিএর সদস্যদের উপরে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এতে ফ্যাক্টরির শ্রমিক ইসমাইল মিয়া আহত হয়েছেন। এছাড়াও ইটের আঘাতে আব্দুল হাসিম নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজিব খাঁন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আমাদের ফাঁকা গুলি ছুড়তে হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।