জমকালো খাদি উৎসব, কো-স্পন্সর রূপায়ণ হাউসিং স্টেট লিমিটেড

রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘খাদি উৎসব-২০২৪’। ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের (এফডিসিবি) আয়োজনে ‘খাদি : দ্য ফিউচার ফ্যাব্রিক শো’ প্রতিপাদ্যে গত ১৯ জানুয়ারি শুরু হয় দুদিনব্যাপী এই উৎসব, যার কো-স্পন্সর ছিল রূপায়ণ হাউসিং স্টেট লিমিটেড।

উৎসবে সারা দিনই ছিল নানা আয়োজন। বড় হলে হয়েছে প্রদর্শনী। নানা পণ্যের সমাহার ছিল সেখানে। দর্শকরা আগ্রহভরেই দেখেছেন, কিনেছেন। কারুশিল্পীরাও পেয়েছেন উৎসাহ।

এবারের উৎসবে বাংলাদেশ ও ভারতের ডিজাইনাররা খাদি দিয়ে তৈরি সৃজনকর্ম উপস্থাপন করেছেন। বাংলাদেশের নবীন প্রজন্মের ডিজাইনারদের দৃষ্টিনন্দন সৃষ্টিশীলতা দেখে অবাক হয়েছেন অনেকেই। এবার প্রথমে পোশাক উপস্থাপন করেন জাকিয়া ও মাইশা। এরপর আবীর ও তাজবীর তাদের পোশাক উপস্থাপন করেন। 

এরপর ছিল এফডিসিবির সদস্যদের সঙ্গে দুজন ভারতীয় ডিজাইনারের উপস্থাপনা, যার সূচনা করেন ফায়জা আহমেদ। তার পোশাক ছিল মূলত প্রতিবাদের। বিধ্বস্ত গাজার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তিনি। এর মধ্যে চমক ছিল পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর উপস্থিতি। 

বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার আফসানা ফেরদৌসীকে পাওয়া যায় নতুন করে। রাগ, আনন্দ, বেদনা এমন কি ঋতুকালীন বিষণ্নতাও সংগ্রহের সেলাইয়ের পরতে তুলে ধরার চেষ্টা করেন তিনি। শেষে শো স্টপার হিসেবে চমক দেখান অভিনেত্রী জাকিয়া বারী মম।

দ্বিতীয় দিন শো-স্টপার রুনা খানের পোশাক ছিল আবার একেবারেই আলাদা রঙের। অপরদিকে ডিজাইনার শাহরুখ আমিনের সাদা-সোনালি সংগ্রহের র‍্যাম্প ওয়াকে ক্রমে স্পষ্ট হয়ে ওঠা লাল স্প্ল্যাশ দিয়েছে সতেজ আমেজ। এছাড়াও শো-স্টপার অভিনেত্রী অপি করিমের শাড়িতে প্রাধান্য পেয়েছে লাল।

অন্যদিকে রংচঙা কালেকশনের পর চোখে জুড়িয়ে দেয় ডিজাইনার লিপি খন্দকারের পোশাক। খাদির আদি ও অকৃত্রিম সিগনেচার রং রেখেই কাট আর প্যাটার্নে বৈচিত্র্য রেখেছেন তিনি। শাড়ি আর পশ্চিমা আউটফিট— সবকিছুতেই সমসাময়িক ফিউশনের আমেজ এমনভাবে আনা হয়েছে যেন খাদিকে চিনতে শেখে নতুন প্রজন্ম। এর সঙ্গে শো-স্টপার, পপ ডিভা মেহরীনের আউটফিট ও রবীন্দ্রনাথের গান সন্ধ্যাকে মাতিয়ে দেয়।