ছুটি কাটিয়ে ঢাকায় এসেই কাজে নেমে পড়েছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। গতকাল বাফুফে ভবনে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। জানিয়েছেন তার সামনের পরিকল্পনা। কাবরেরা বলেছেন, ‘ক্যাম্পের পরিকল্পনা এখনো নিশ্চিত নয়। কিন্তু আমার পরিকল্পনা গত বছরের মতো এবারও দেশের বাইরে (ক্যাম্প) করা। কারণ সৌদিতে করা ক্যাম্প সব কিছু বদলে দিয়েছিল। আমি জানি, ফেডারেশন এ ব্যাপারে সেরাটা চেষ্টা করবে। আশা করি দেশের বাইরে ক্যাম্প করতে পারব।’
ফেব্রুয়ারিতে শেষ হবে প্রিমিয়ার লিগের প্রথম পর্ব। এরপরই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ২১ ও ২৬ মার্চ ঘরে-বাইরে ফিলিস্তিনের সঙ্গে হবে ম্যাচ। ছুটিতে থাকা অবস্থায় নিয়মিত প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের খোঁজ রেখেছেন বলে জানান কাবরেরা। নিষেধাজ্ঞা কাটিয়ে মোরসালিন, জিকো, তপুদের ফেরা ভালো লেগেছে বাংলাদেশ কোচের। বলেন, ‘তারা অনেকদিন ধরেই আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এখন আর সবার মতোই তাদের বিবেচনা করা হবে। জাতীয় দলে জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা বেড়ে গেছে, যা খুবই ভালো বিষয়।’