বগুড়ায় অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে দুইটি অবৈধ ক্লিনিক ও একটি ব্লাড ব্যাংক সিলগালা ও সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এর আগে রোববার (২১ জানুয়ারি) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। সিভিল সার্জন বগুড়ার কার্যালয় ও ভোক্তা অধিকার যৌথভাবে পরিচালনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ উল হক ও র্যাব সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, বিকাল চারটায় প্রথমে ঠনঠনিয়ার সেবা ব্লাড ব্যাংকে অভিযান পরিচালনা করা হয়। তাদের ২০২০ সালের পর লাইসেন্স নবায়ন নেই। ফ্রিজে মেয়াদের তারিখ নেই এমন দশ ব্যাগ রক্ত পাওয়া যায়। এছাড়া তাদের ব্যাংকের পরিবেশও অস্বাস্থ্যকর ও নোংরা। এসব অভিযোগে ওই ব্লাড ব্যাংক সিলগালা এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শহরের কানুছগাড়ী এলাকায় নিউ শতদল ক্লিনিকে দেখা যায়, তারা ২০২২ সালে শুধু নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এছাড়া তাদের আর কোন ধরণের কাগজপত্র নেই। এসব অভিযোগে তাদের এক লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে। রাতে শহরের মা ফাতেমা ক্লিনিকে অভিযান পরিচালনা করে দেখা যায়, তাদের কোন ধরণের বৈধ কাগজপত্র নেই। তারপরও তারা সেখানে দুইজন জটিল রোগীকে ভর্তি করিয়েছে। তাদের দুই লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করা হয় এবং ওই দুই রোগীকে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে প্রেরণ করা হয়।
বগুড়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম বলেন, জেলায় অবস্থিত সকল অবৈধ, অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা করে অভিযান পরিচালনা করা হচ্ছে।