বাংলাদেশের ফুটবলে বিশেষ এক অধ্যায় ডানা-গোথিয়া কাপ। ১৯৯০ সালে ইউরোপের ডেনমার্ক ও সুইডেনে বয়সভিত্তিক প্রতিযোগিতায় বাংলাদেশের ফুটবলাররা চ্যাম্পিয়ন হয়েছিল।
ডানা-গোথিয়া টুর্নামেন্টে বাংলাদেশের ফুটবলারদের কোচ ছিলেন মনসুর আহমেদ। গতকাল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৭ বছর বয়সী মনসুর। দীর্ঘদিন ধরেই তিনি নানা রোগ জটিলতায় ভুগছিলেন।
মনসুর আহমেদ সত্তর দশকে ঘরোয়া ফুটবলে আবাহনী, ওয়ান্ডারার্সের মতো শীর্ষ ক্লাবে খেলেছেন। খেলোয়াড়ের চেয়ে কোচ হিসেবেই ফুটবলাঙ্গনে বেশি পরিচিতি পেয়েছেন মনসুর।
বিকেএসপির সাবেক শিক্ষার্থী ও বর্তমানে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাসান আল মামুন এখন জাতীয় দলের সহকারী কোচ। ডানা গোথিয়া কাপ জয়ী দলের অন্যতম সদস্যও। মনসুর আহমেদের মৃত্যুতে মামুন বলেন, ‘আমিসহ বিকেএসপির আরও অনেকের বড় ফুটবলার হওয়ার স্বপ্নের বীজ স্যারের হাতেই বোনা। তিনি আমাদের সাক্ষাৎ গুরু ছিলেন। ফুটবলের মৌলিক কলা-কৌশল তার কাছ থেকেই শেখা।’
ডানা-গোথিয়া কাপ মূলত স্কুলভিত্তিক টুর্নামেন্ট ছিল। অনূর্ধ্ব-১৪ বয়স ভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) অংশ নেয়।
সেই দুই টুর্নামেন্টে বিকেএসপি ফুটবল দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেও বেশি বয়সী খেলোয়াড় খেলানোর বিতর্ক ছিল। ডানা-গোথিয়া কাপে বিতর্ক থাকলেও বাংলাদেশের ফুটবলে সাফল্য হিসেবেই ধরা হয়।