জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের রুকনাই বটতলা বাজার এলাকায় রেললাইনে বসে ফ্রি ফায়ার খেলার সময় ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার টেনে কাটা পরে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান ট্রেনে কাটা পরে দুইজনের মৃত্যুর বিষয়টা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
নিহতরা হলেন মজিবুর রহমান (১৮) ও মো.শাকিল মিয়া (২০)। মজিবুর দূরমুঠ ইউনিয়নের পূর্ব রুকনাই বটতলা এলাকার শহীদ মিয়ার ছেলে এবং সে গার্মেন্টস শ্রমিক ছিলেন। নিহত শাকিল একই এলাকার শাহাবুদ্দিন মাক্কুর ছেলে এবং এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। নিহত দুইজন বন্ধু ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মজিবর ও শাকিল সকাল থেকে বটতলা রেলক্রসিং এলাকায় এক চাদরে জড়িয়ে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে ফ্রি ফায়ার গেইম খেলছিল। এ সময় রেলপথ নিরাত্তায় নিয়োজিত আনসার সদস্যরা তাদেরকে সতর্ক করে রেললাইন থেকে তুলে দেন। তারা পুনরায় এসে রেললাইনে বসে গেম খেলতে থাকে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে কাটা পরে ঘটনাস্থলে শাকিল মারা যান এবং মজিবরকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।