লক্ষ্ণীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম বিঘা (সিন্নির বাড়ী) গ্রামের নিখোঁজ হওয়া কবিরাজ জাফর আহাম্মদ (৬৫) এর সন্ধান করছে পিবিআই। কবিরাজ জাফর আহাম্মদ গত দেড় বছর পূর্বে নিখোঁজ হলেও আজও তার সন্ধান মিলেনি।
মামলা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত ০২ জুলাই ২০২২ সকাল সাড়ে ৮টায় বাড়ি হতে করিবাজী চিকিৎসা করার জন্য বের হয়ে আর ফেরেননি কবিরাজ জাফর আহাম্মদ। তার ছেলে তোফায়েল আহম্মদ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে তাকে না পেয়ে রামগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরবর্তীতে তোফায়েল আহম্মদ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রামগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন। মামলাটি তদন্তকালে থানা পুলিশ ভিকটিমের কোনো সন্ধান পায়নি।
পরবর্তীতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলার তদন্তভার পিবিআইতে ন্যাস্ত হওয়ার পর থেকে পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিদুল আলম (পিবিআই, নোয়াখালী) মামলাটি তদন্ত করছেন। ভিকটিমের সন্ধানের লক্ষ্যে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে পিবিআই নোয়াখালী জেলা।