কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতিয়া নদীতে সাঁতার কাটতে নেমে শিহাব (১৯) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের নারান্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজের আট ঘণ্টা পার হলেও ওই কলেজছাত্রের কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ শিহাব নারান্দিয়া গ্রামের জহিরুল ইসলাম শিপনের ছেলে। তিনি চট্টগ্রাম নেভি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, ঈদুল আজহার ছুটিতে বাবা-মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে আসে শিহাব। শুক্রবার দুপুরে বন্ধু নাফিজ ও ফারুককে নিয়ে নারান্দিয়া ব্রিজ পেরিয়ে নদীর ওপারে ঝাঁকঝুর এলাকায় যায় সে। সেখানে নদীপাড়ের একটি গাছ থেকে তাল পেড়ে খাওয়ার পর তিন বন্ধু মিলে সাঁতরে নদী পার হওয়ার সিদ্ধান্ত নেয়।
সাঁতার কাটার একপর্যায়ে নদীর তীব্র স্রোতে শিহাব তলিয়ে যেতে থাকে। সঙ্গে থাকা দুই বন্ধু তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে তারা নিজেদের জীবন রক্ষা করে নদীর পাড়ে উঠে পরিবারের সদস্যদের খবর দেয়।
খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে চাঁদপুর থেকে ডুবুরি দল এনে অভিযান চালানো হচ্ছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত শিহাবকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ ডাকাতিয়া নদীর পাড়ে ভিড় করেন। নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম চলছে। কান্নায় ভেঙে পড়ায় শিহাবের বাবা-মায়ের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের টিম লিডার দিদারুল আলম বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। নদীর তলদেশ অনেক গভীর। এ ছাড়া ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে কয়েকটি গভীর গর্ত তৈরি হয়েছে। ডুবুরি দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।’
ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক যেসব পানীয়