ম্যাক্সওয়েলের জায়গায় ম্যাকগার্ক

চার-ছক্কার ঝড় তুলে অস্ট্রেলিয়ান ক্রিকেটে ‘নতুন ম্যাক্সওয়েল’ তকমা পেয়ে গেছেন জেইক ফ্রেজার ম্যাকগার্ক। কাকতালীয়ভাবে হোক বা নিয়তির লিখন, জাতীয় দলে তার প্রথমবার ডাক পাওয়াতে মিশে থাকল সেই যোগসূত্র। গ্লেন ম্যাক্সওয়েলের বদলি হিসেবেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে সুযোগ পেলেন এই তরুণ বিধ্বংসী ব্যাটসম্যান।

ফ্রেজার-ম্যাকগার্ক এই মুহূর্তে অস্ট্রেলিয়ান ক্রিকেটের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। গত অক্টোবরে ক্রিকেট বিশ্বে সাড়া ফেলে দেন মার্শ কাপে ২৯ বলে সেঞ্চুরি করে। এবি ডি ভিলিয়ার্সের ৩১ বলের রেকর্ড পেছনে ফেলে লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি সেটি। ১০ চার ও ১৩ ছক্কায় সেদিন তিনি করেন ৩৮ বলে ১২৫।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ থেকে ভবিষ্যতের দিকে হাঁটতে শুরু করবে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল। ডেভিড ওয়ার্নারের অবসরে ওপেন করবেন ম্যাথু শর্ট। প্যাট কামিন্সের বিশ্রামে অধিনায়কত্ব করবেন স্টিভেন স্মিথ। এছাড়া বিশ্রাম পেয়েছেন অন্য দুই পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডও। এবার বিশ্রাম দেওয়া হলো ম্যাক্সওয়েলকে।

‘বিশ্রাম’ কি আসলেই ম্যাক্সওয়েলকে? একটা ঘটনা ঘটিয়ে প্রশ্নটা উসকে দিয়েছেন বিশ্বকাপ বিজয়ী এই ক্রিকেটার। অ্যালকোহল-সংশ্লিষ্ট ঘটনায় গত শুক্রবার অ্যাডেলেইডের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ঘটনাটা ঘটে শুক্রবার বিগ ব্যাশে ম্যাক্সওয়েলের দল মেলবোর্ন স্টারসের বিদায়ের পর রাতে। সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লির ব্যান্ড দল ‘সিক্স অ্যান্ড আউট’-এর কনসার্ট দেখতে গিয়েছিলেন ম্যাক্সওয়েল। সেখানেই ঘটনাটি ঘটেছে। অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমের খবর, অতিরিক্ত মদ্যপানের কারণে ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারকে হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতালে অবশ্য বেশিক্ষণ ছিলেন না তিনি।