বগুড়ায় তাজবীর ইসলাম (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বারপুর উত্তরপাড়া বালুর ঢিপ মাদারতলা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তাজবীর সদরের নুনগোলা ইউনিয়নের দশটিকক দক্ষিণপাড়ার তাজুল ইসলামের ছেলে।
নিহত ওই কিশোর বারোপুর সোনাপাড়ায় ওয়ার্কশপে কাজ করত। তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানা যায়।
নিহতের দুলাভাই শহিদুল ইসলাম বলেন, কাল সন্ধ্যা ৭টার দিকে কাজ করে তার সাইকেল নিয়ে বের হয় তাজবীর। কিন্তু সারারাত সে বাড়ি আসেনি। রাতে কয়েক জায়গায় খোঁজ নিয়েছিলাম। পরে সকালে শুনি একটা লাশ পাওয়া গেছে। এসে দেখি আমাদের তাজবীরের লাশ। কিন্তু তার ব্যবহৃত সাইকেল পাওয়া যায়নি।
তাজবীরের ওয়ার্কশপের মালিক রফিকুল ইসলাম বলেন, তাজবীর আমার এখানে গত দুই বছর ধরে কাজ করছিল। সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কাজ করে সাইকেল নিয়ে বের হয় তাজবীর। পরে রাত ১টার দিকে তার মা ফোন দিয়ে জানায় তাজবীর এখনও বাড়ি ফেরেনি। তাজবীর খুব ভালো ছেলে ছিল। কোনো আজেবাজে নেশাও ছিল না।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।