ইট ভেবে ফেলে দেওয়া বস্তুটিই ৪ কেজি ওজনের বিষ্ণুমূর্তি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চার কেজি ওজনের একটি কষ্টি পাথর সদৃশ বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সামরাডাঙ্গী এলাকার একটি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা জানান, সকালে উপজেলার লেহেম্বা ইউনিয়নের সামরাডাঙ্গী এলাকার মমতাজ আলীর পুকুরে মাছ ধরার সময় জালের সঙ্গে বিষ্ণুমূর্তিটি উঠে আসে। মাছ ধরা শ্রমিকরা সেটি ইটের কোনও বস্তু ভেবে ফেলে দেয়। পরে পুকুর লিজ নেওয়া মালিক শাহারিয়ার বিপ্লব মূর্তিটি পরিষ্কার করে লুকিয়ে রাখেন। পরে এলাকায় জানাজানি হলে পুকুরের মালিক মমতাজ আলী মূর্তিটি তার বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে ওই মূর্তিটি উদ্ধার করা হয়।

ওসি সোহেল রানা আরো বলেন, মূর্তিটির ওজন ৪ কেজি ১০০ গ্রাম। বর্তমানে মূর্তিটি থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।