খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সাদেকুর রোহান রানা নামে (৩০) এক যুবক নিহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ের আহছানউল্লাহ কলেজের সামনে এ হত্যাকাণ্ডে ঘটনা ঘটে।
নিহত রানা নগরীর ফেরিঘাট দেবেন বাবু রোড এলকার শেখ মোহাম্মদ ইসলামের ছেলে। এ ঘটনায় পলাশ নামের আরেক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পলাশ শের-ই বাংলা রোডের বাসিন্দা মহারাজ এর সন্তান। নগরীর সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আমিরুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা ময়লাপোতা মোড়ের আহছানউল্লাহ কলেজের সামনে বিহারী রানাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। একটি গুলি তার গলায় ও আরেকটি গুলি তার বুকে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্যের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত বিহারী রানার বিরুদ্ধে নগরীর সোনাডাঙ্গা ও সদর থানায় একাধিক মামলা রয়েছে।