৬৯ দিন কারাভোগের মুক্তি পেয়েছেন গার্মেন্টস শ্রমিক সংহতির সেক্রেটারি বাবুল হোসেন। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ৮টায় গাজীপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখ্তার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তাসলিমা আখ্তার বলেন, 'গত বুধবার বাবুলের কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল। আমরা সেদিন জেলগেটে তার অপেক্ষায় ছিলাম।'
বুধবার গাজীপুরের জেলার মো. তারিকুল ইসলাম বলেছিলেন, 'বাবুল হোসেনের জামিন হলেও আইনি জটিলতায় এখনই মুক্তি পাচ্ছেন না। কাগজপত্র ঠিক হলে তার মুক্তি পেতে বাধা নেই।'
গত ১৪ নভেম্বর রাতে গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকার চান্দনা চৌরাস্তা থেকে বাবুলকে আটক করা হয়। পরে তাকে গাড়ি পোড়ানো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হলে আদালত রিমান্ডের আদেশ দেন।