জামায়াত নেত্রী গ্রেপ্তারে সংসদে ক্ষোভ, মুক্তির আল্টিমেটাম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পিএম

জ্বালানি সঙ্কট নিয়ে ফেসবুকে মন্তব্য করায় সাওদা সুমি নামে জামায়াত নেত্রী গ্রেপ্তারের ঘটনায় উত্তাল জাতীয় সংসদ।  এই সময় এই গ্রেপ্তারকে ‘ফ্যাসিবাদী সরকারে’র পূর্বাভাস আখ্যা দিয়ে আজকের মধ্যেই ওই নারীর মুক্তি ও মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম খান।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ নিয়ে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্বে অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে রফিকুল ইসলাম খান বলেন, সাওদা সুমি নামে এক নারী ফেসবুক স্ট্যাটাস দেওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বলা হয়েছে ‘ওপরের নির্দেশে’ তাকে গ্রেপ্তার ও মামলা দেওয়া হয়েছে।

এখন প্রশ্ন হলো ‘ওপরের নির্দেশ’ বলতে তারা কাকে বুঝিয়েছেন? স্পিকারের মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানাই, আজকের অফিস টাইমের মধ্যেই ওই নারীকে মুক্তি দিতে হবে এবং মামলা প্রত্যাহার করতে হবে। কারণ, এই গ্রেপ্তারের মধ্য দিয়ে ফেসিবাদী সরকারের পূর্বাভাস পাওয়া যায়।

এ সরকার তো গণতান্ত্রিক সরকার, তাহলে মানুষ কি কথা বলতে পারবে না প্রশ্ন এমপি  রফিকুল ইসলাম খানের। 

রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘মাননীয় সদস্য, এটি পয়েন্ট অফ অর্ডার রূপে গৃহীত হলো না। তবুও যেহেতু আপনি বিষয়টি বলেছেন এবং বিরোধীদলীয় নেতা এ বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমি সমস্যাটি সমাধানের চেষ্টা করেছি।

একই সঙ্গে এমপি রফিকুল ইসলামকে সংসদ অধিবেশনের নিয়ম মনে করিয়ে দিয়ে স্পিকার বলেন, সংসদে বসে বাইরের রাজপথের মতো আল্টিমেটাম দেওয়া ঠিক নয়। প্রয়োজনে আপনি প্রস্তাব আকারে নিয়ে আসবেন। ফেসবুকে প্রতিদিন অনেকেই সরকারকে নিয়ে নানা মন্তব্য করে, সবকিছু আমলে নিলে সংসদ অন্য কাজ করতে পারবে না। তবুও বিষয়টি যেহেতু বিরোধী দলীয় নেতা জানিয়েছেন, আমরা তা খেয়াল করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও উদ্যোগ নেব।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত