চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নৌকার এজেন্টের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টায় পৌরসভা ৮নং ওয়ার্ডের আবু তৈয়ব কমিশনারের বাসভবনে এ সংবাদ সম্মেলন হয়।
ভুক্তভোগী মোহাম্মদ আলী সওদাগর অভিযোগ করে বলেন, ‘গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া বণিক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আমি ও আমার স্ত্রী নৌকার পক্ষে এজেন্ট ছিলাম। প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আমাদের পরিবার-পরিজনকে তিনটি মিথ্যা মামলায় আসামি করে প্রশাসন দিয়ে হয়রানি করছেন।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের মিথ্যা, ভিত্তিহীন মামলা প্রত্যাহার ও হয়রানির বন্ধ করার জোর দাবি জানাচ্ছি।’ এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ইসমাইল সওদাগর, মোহাম্মদ ইউনুচ, মোহাম্মদ আজম, কমরুন্নাহার, শামসুন্নাহার, পারভীন আকতার প্রমুখ।