চট্টগ্রামের চন্দনাইশে ওভারটেক করতে গিয়ে মাহিন্দ্রা গাড়ির ধাক্কায় মো. ইসহাক (৭২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি জোয়ারা ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার সাবেক শিক্ষক ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় টমটম গাড়ির চালক মোহাম্মদ শহীদ (৪৫) গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যায়।
শনিবার (২৮ নভেম্বর) বিকাল ৫টায় গাছবাড়িয়া টু বরকল সড়কের পৌরসভার মিজ্জির দোকান আইডিয়াল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চন্দনাইশ থেকে গাছবাড়িয়ামুখী মাহিন্দ্রা গাড়ি ও টমটম গাড়ি আসার সময় মাহিন্দ্রা গাড়ি টমটম গাড়িকে ওভারটেক করার সময় রাস্তার পাশে থাকা পথচারীকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পাশাপাশি পাশে থাকা টমটম গাড়িটি রাস্তার পাশে পড়ে যায়।
এ ঘটনায় মারা যান পথচারী মো. ইসহাক। তিনি চন্দনাইশ পৌরসভার মিজ্জির দোকান মধ্যম চন্দনাইশ ফতেহ আলী সিকদার বাড়ি এলাকার (মৃত) আহমদ মিয়ার ছেলে। টমটম গাড়ির চালক মোহাম্মদ শহীদ, চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মধ্যম হাশিমপুর এলাকার মোহাম্মদ নুরুল আলমের ছেলে।
দুর্ঘটনার পর প্রথমে আহত শিক্ষক ও টমটম চালককে স্থানীয়রা উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন রাত সাড়ে ৮টার দিকে মো. ইসহাক মারা যান। টমটম চালক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়ি দুটি আটক করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিক্ষকের ছোটভাই দানু মিয়া। সাবেক শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।