টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে সেনাসদস্যসহ নিহত ২

টাঙ্গাইলে পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে সেনাসদস্যসহ দুই জন নিহত হ‌য়ে‌ছেন। বুধবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনের উপজেলার আনালিয়াবাড়ীর রেল ব্রিজের কাছ থেকে এক সেনাসদস্যের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রা‌তের কোন এক অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে তি‌নি নিহত হ‌য়ে‌ছেন। 

নিহত সেনা সদস্য ফখরুল ইসলাম (২০) লক্ষ্মীপুর সদর উপজেলার কড়ালিয়া তত্বপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বগুড়া ক্যান্টনমেন্টে সেনা সদস্য হিসেবে কর্মরত ছিলেন।  

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে ওই সেনা সদস্যের মর‌দেহ উদ্ধার করা হয়েছে। তিনি ছুটি শেষে বগুড়া ক্যান্টনমেন্টে যোগদানের জন্য যাচ্ছিলেন ব‌লে তার প‌রিবার জানিয়েছেন। কিন্তু কোন ট্রেনে কাটা পড়েছেন তিনি টা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, টাঙ্গাইল সদর উপজেলার পয়লা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নিরাপত্তা প্রহরী নিহত হ‌য়ে‌ছেন। নিহত খন্দকার আবুল কালাম (৪২) দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।