সাংবাদিকদের সারাহ কুক

নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের অবস্থান পরিবর্তন না হওয়ার ইঙ্গিত

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের অবস্থান পরিবর্তন না হওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে যুক্তরাজ্য বাংলাদেশে সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করে যাবে।’

আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎতের পর সারাহ কুক সাংবাদিকদের এ কথা জানান।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ভালো হয়েছে। আমাদের দুই পক্ষের সম্পর্ক আরও শক্তিশালী করার ব্যাপারে আলোচনা করেছি। বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা অংশীদারিত্ব, জলবায়ু সংকট, অভিবাসন ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করেছি।’ 

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন ব্রিটিশ সরকার নির্বাচন নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে যুক্তরাজ্য সরকার বলেছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু মানদণ্ড অনুযায়ী হয়নি। আর নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না।

সেই বিবৃতি সম্পর্কে জানতে চাইলে সারাহ কুক বলেন, ‘৮ জানুয়ারি নির্বাচন নিয়ে আমরা বিবৃতি দিয়েছি। আমরা বলেছি মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে আমরা সরকার ও রাজনৈতিক দলগেুলোর সঙ্গে কাজ করে যাবে।’