মেট্রোতে ভাড়া দ্বিগুণ, সময় বাঁচাতে পকেট ফাঁকা

চলতি সপ্তাহে উত্তরা থেকে মতিঝিল সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলছে মেট্রোরেল। প্রতিদিনই বাড়ছে যাত্রী। মেট্রোরেলে সহজে যাতায়াতের জন্য গত তিন দিনে প্রায় ২০ হাজার এমআরটি পাস কিনেছেন যাত্রীরা।

সবকিছুর মধ্যে যাত্রীদের মাথাব্যথা মেট্রোর ভাড়া। ঢাকার মেট্রোর ভাড়া বিভিন্ন দেশের তুলনায় অনেক বেশি। যাত্রীরা সময় এবং যানজট এড়াতে দেশের নতুন এই গণপরিবহন বেছে নিয়েছেন। তবে হাপিয়ে উঠছেন তারা।

মেট্রোরেলের ভাড়া সর্বনিম্ন ২০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার দূরত্বের ভাড়া ১০০ টাকা। প্রতি কিলোমিটারে ভাড়া গুণতে হচ্ছে ৫ টাকা।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের কলকাতা ও পাকিস্তানের লাহোরের চেয়ে ঢাকা মেট্রোর ভাড়া বেশি। দেশে যুদ্ধাহতদের জন্য ভ্রমণ ফ্রি থাকলেও ছাত্রছাত্রীদের হাফ ভাড়ার ব্যবস্থাও নেই।

পার্শ্ববর্তী দেশ ভারতের কলকতায় মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ৫ রুপি বা ৬ টাকা। আর ঢাকায় মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। কলকাতায় মেট্রোরেলের সর্বোচ্চ ভাড়া ২৫ রুপি বা ৩১ টাকা। কলকাতায় ৫ রুপি বা ৬ টাকা দিয়ে ২ কিলোমিটার পর্যন্ত যাতায়াত করা যায়, ১০ রুপিতে ৫ কিলোমিটার, ১৫ রুপিতে ১০ কিলোমিটার, ২০ রুপিতে ২০ কিলোমিটার পর্যন্ত যাতায়াত করা যায়। ২০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য সর্বোচ্চ ২৫ রুপি বা ৩১ টাকা লাগে।

ভারতের রাজধানী নয়াদিল্লির মেট্রোতে একই দূরত্বে ৪০ রুপি বা ৫০ টাকা লাগে। যা ছুটির দিনে ৩০ রুপিতে নেমে আসে। দিল্লির মেট্রোতে ৩২ কিলোমিটার পথ ৬০ রুপিতে যাতায়াত করা যায়।

পাকিস্তানের লাহোরে অরেঞ্জ লাইন মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ পাকিস্তানি রুপি বা বাংলাদেশি মুদ্রায় ৯ টাকা। ২৭ কিলোমিটার দূরত্বের জন্য সর্বোচ্চ ৪০ পাকিস্তানি রুপি বা বাংলাদেশি মুদ্রায় ১৮ টাকা লাগে।

লাহোরের মেট্রোতে প্রথম ৪ কিলোমিটার ২০ রুপি বা ৯ টাকা। ৫ কিলোমিটার থেকে ৮ কিলোমিটারের জন্য ২৫ রুপি বা ১১ টাকা, ৯ থেকে ১২ কিলোমিটরের জন্য ৩০ রুপি বা ১৪ টাকা লাগে। ১৩ থেকে ১৬ কিলোমিটারের জন্য ৩৫ রুপি বা ১৬ টাকা লাগে। ১৬ থেকে ২৭ কিলোমিটারের জন্য ৪০ রুপি বা ১৮ টাকা লাগে।

অন্যদিকে বাংলাদেশে উত্তরা থেকে মতিঝিল ২০ কিলোমিটার পথে মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা যা কলকাতার মেট্রোরেলের চেয়ে প্রায় ৪ গুণ বেশি।

মেট্রোরেলে প্রতিদিন মিরপুর থেকে কারওয়ান বাজার যাতায়াত করেন নুর আলম। তিনি বলেন, বাসে মিরপুর-১১ থেকে এই পথের ভাড়া ২৫ টাকা। সেখানে মেট্রোতে আসতে ৫০ টাকা লাগছে। একটি গণপরিহবন হিসেবে এই ভাড়া অস্বাভাবিক। শুধু সময় ও যানজট থেকে রক্ষা পেতে মেট্রো বেছে নিচ্ছে যাত্রীরা। এই সুযোগটি কাজে লাগাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রোরেল কর্তৃপক্ষ ভাড়া নির্ধারণের পর একাধিকবার ভাড়া কমানোর দাবি জানিয়েছে বিভিন্ন মহল। ৩০ শতাংশ পর্যন্ত ভাড়া কমানো সম্ভব বলে মনে করেন তারা। এদিকে মেট্রোর টিএসসি স্টেশন চালুর পর শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার দাবি জানিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

গত ৪ নভেম্বর মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করা হয়েছিল ২০২২ সালের ২৮ ডিসেম্বর। আর এই পথের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত তৃতীয় অংশের নির্মাণকাজ চলছে। 

ধাপে ধাপে চালু হওয়া মেট্রোরেলের সব স্টেশন খোলে গত ৩১ ডিসেম্বর। সর্বশেষ চালু হওয়া কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনের মাধ্যমে পূর্ণতা পায় দেশের প্রথম মেট্রোরেল।