জার্মানিতে দ্বিতীয়বারের মতো ধর্মঘটে নেমেছে ট্রেন চালকরা। বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ছয় দিনের এ ধর্মঘটের ডাক দিয়েছে ট্রেন চালকদের ইউনিয়ন। বুধবার (২৪ জানুয়ারি) শুরু হওয়া এ ধর্মঘট শেষ হবে আগামী সোমবার।
জার্মান সম্প্রচারমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, চলতি মাসে দ্বিতীয়বারের মতো ধর্মঘট শুরু করেছে ট্রেন চালকরা। এ কারণে বিলিয়ন ইউরো ক্ষতি হবে ধারণা করছেন অর্থনীতিবিদরা।
অবরোধের কারণে জার্মানিতে শুধু যাত্রী পরিষেবায় ব্যাঘাত ঘটছে তা-ই নয়, ক্ষতির মুখে পুরো শিল্পাঞ্চল। কেননা দেশটির বিভিন্ন শিল্পাঞ্চলে মূল সামগ্রী রেলের মাধ্যমে পাঠানো হয়। তা ছাড়া ইউরোপের জার্মান রেলের মাধ্যমে শিল্প সামগ্রী পরিবহন করা হয়ে থাকে। ইউরোপের শিল্পক্ষেত্রে কাঁচামালের ৬০ শতাংশ জার্মান রেলের মাধ্যমে পরিবাহিত হয়।
জার্মান ট্রেন চালকদের এমন সিদ্ধান্তের কারণে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ইউরোপীয়দের। ব্যবসায়ীরা তাদের কাঁচামাল পরিবহন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ ধর্মঘটের কারণে দৈনিক ১০০ মিলিয়ন ইউরো ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে। জার্মান ইকোনমিক রিসার্চের প্রধান মিশেল গ্রোমলিং এমন আশঙ্কা প্রকাশ করেছেন।
হর্গ ক্রেমার নামে আরেক অর্থনীতি বিশেষজ্ঞ জানান, টানা ছয়দিন রেল ধর্মঘটের জন্য বেশ কিছু কারখানা সাময়িক বন্ধ হতে পারে। এ কারণে আর্থিক ক্ষতি হতে পারে এক বিলিয়ন ইউরোর। সে হিসাবে দৈনিক ক্ষতি হবে ৩০ মিলিয়ন ইউরো। এ ক্ষতির প্রভাব পড়বে পুরো ইউরোপে। জার্মান গাড়ি শিল্পও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।