মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় এক মাদক সম্রাটকে ৮০৮ বছরের কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। ২০০৮ সালে ১৫ জন নিকারাগুয়ান এবং এক ডাচ নাগরিককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন রিগোবার্তো দানিলো মোরালেস নামের ওই ব্যক্তি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
চলতি সপ্তাহে আদালত বলেছেন, মোরালেসকে প্রতিটি হত্যার জন্য ৫০ বছর এবং অপরাধ কার্যক্রম পরিচালনার জন্য আরও আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দীর্ঘ সাজা সত্ত্বেও গুয়াতেমালার আইন অনুযায়ী একজন দণ্ডিত আসামিকে ৫০ বছরের বেশি কারাভোগ করতে হয় না।
৩৭ বছর বয়সী মোরালেস ১৩ বছর পলাতক ছিলেন। ২০২২ সালে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিচার শুরু হয় সেপ্টেম্বরে। এর আগে ২০১৬ সালে আরেকজন কথিত মাদক সম্রাট মারভিন মন্টিয়েল মারিনকেও গণহত্যার দায়ে দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়।
প্রসিকিউটরা বলেছেন, ২০০৮ সালে গুয়াতেমালার একটি বাস নিকারাগুয়ায় ঢুকে পড়ে। বাসের যাত্রীরা মাদক পাচারকারী এবং তাদের কাছে মাদক রয়েছে এই ধারণা থেকে তাদের আটক করে মারভিন ও তার স্ত্রী।
পরে তারা যখন দেখতে পায় যাত্রীদের কাছে কোনো মাদক নেই, তখন যাত্রীদের গুলি করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ মামলায় মারভিন ও তার স্ত্রী সারা ক্রুজসহ আরও আটজনকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিয়ের মঞ্চ ভেঙে আহত ৩০, প্রথম রাত হাসপাতালেই কাটালেন নবদম্পতি
প্রেমিককে ফেরাতে কালো জাদু, ১১ লাখ টাকা খোয়ালেন তরুণী